খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শনকালে উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবিঃ সংগৃহীত
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
মঙ্গলবার (১৬ জুন) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড বিভিন্ন ধরনের ও বিভিন্ন প্রজন্মের কেবল উৎপাদন করে থাকে। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে পুরোনো প্রযুক্তির পরিবর্তে ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। একই সঙ্গে কার্যকর পরিকল্পনা, উন্নত বিপণন কৌশল, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং সক্রিয় মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও মালিকানার অনুভূতি তৈরি হলে প্রতিষ্ঠানের উন্নয়ন আরও দ্রুত হবে।” এ সময় তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।
পরিদর্শনকালে মন্ত্রী উৎপাদন কার্যক্রমের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের মান নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রাঙ্গণে একটি দেশি আমগাছের চারা রোপণ করেন মন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানির কর্মকর্তারা মন্ত্রীকে উৎপাদন কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, প্রযুক্তিগত আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তারা দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী করার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বিশেষজ্ঞদের মতে, দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগতভাবে আরও সক্ষম করে তোলা গেলে আমদানি নির্ভরতা কমবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের ডিজিটাল ও শিল্প অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে। সরকারের শিল্পবান্ধব নীতি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!