যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য ও চূড়ান্ত একাদশ প্রকাশ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:১১ PM

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য ও চূড়ান্ত একাদশ প্রকাশ

বিশ্বকাপের আগে অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা শিবির। | ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মিশন শুরুর আগে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের জন্য আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, চোট কাটিয়ে ফিরেছেন আর্জেন্টিনার মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। ডান হাতের অনামিকায় চিড় থাকলেও তিনি এখন পুরোপুরি ফিট এবং আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই একাদশে থাকছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর জায়গা প্রায় নিশ্চিত। তার সঙ্গে সেন্টার ব্যাকে লিসান্দ্রো মার্টিনেসের খেলা নিশ্চিত হলেও তিনি কোথায় খেলবেন—সেন্টার ব্যাক নাকি বাম প্রান্তে—তা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নিকোলাস তালিয়াফিকোর চোটের কারণে বাঁ প্রান্তের রক্ষণে বিকল্প হিসেবে নিকোলাস ওটামেন্দি ও ফাকুন্দো মেদিনার নাম বিবেচনায় আছে। ডান প্রান্তে গনসালো মন্তিয়েল ও নাউয়েল মলিনা—এই দুইজনের মধ্যে একজনকে বেছে নেবেন কোচ।

মিডফিল্ডে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ঘিরেই গড়ে উঠবে মাঝমাঠ। তাদের সঙ্গে আক্রমণাত্মক মিডফিল্ড ভূমিকায় থাকতে পারেন থিয়াগো আলমাদা, যিনি আনহেল দি মারিয়ার অবসরের পর এই পজিশনে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্টিনেজ। ফর্মে থাকা এই জুটিকে ঘিরেই আর্জেন্টিনা গোলের পরিকল্পনা সাজাচ্ছে। চোট থেকে ফেরা হুলিয়ান আলভারেজ থাকলেও তাকে শুরুতে না নামিয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে, যা বিশ্বকাপ মিশনের শুরুতে দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেস; নাউয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, নিকোলাস ওটামেন্দি অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!