যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

লটকন বাগানের প্রলোভন দেখিয়ে দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, শিবপুরে আতঙ্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:৫০ PM

লটকন বাগানের প্রলোভন দেখিয়ে দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, শিবপুরে আতঙ্ক

নরসিংদীর শিবপুরে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। | ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্কুলে যাওয়া ও বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি শিশুদের প্রলোভন দেখিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অপহরণের চেষ্টার শিকার দুই শিশু উপজেলার ৫৫ নম্বর আষ্টানী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবির ও আনিকা। শিশুদের বর্ণনা অনুযায়ী, রোববার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় তিন ব্যক্তি আবিরকে লটকন বাগান দেখানোর কথা বলে মোটরসাইকেলে উঠতে বলে। একপর্যায়ে তাকে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করা হয়। তবে আবির সাহসিকতার সঙ্গে বাধা দিয়ে সেখান থেকে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে একই দিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আনিকাকেও মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছে সে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে স্কুলপড়ুয়া শিশুদের যাতায়াতের সময় আরও বেশি সতর্কতা প্রয়োজন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়। পরে শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, ঘটনার পর উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়কে সতর্ক করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, শিশুদের স্কুলে আসা-যাওয়ার সময় বিশেষ নজরদারির বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশি টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ সড়ক ও বিদ্যালয়সংলগ্ন এলাকায় গ্রাম পুলিশদের টহল দিতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিদ্যালয়গুলোতে অভিভাবক সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!