যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৫৬ PM

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এর লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জনস্বার্থে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত দেয় সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে। অভিযোগ অনুযায়ী, সেখানে একের পর এক ছয় নবজাতকের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি উঠে আসে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা, পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত এখন আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা হাইকোর্টের শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!