ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কিছু মহল সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছেন তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
তিনি বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সবসময় সক্রিয় থাকে। তারা বিভিন্ন বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত দাবির বিষয়ে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বা পরীক্ষায় সমস্যার মুখোমুখি হয়েছেন, তাদের পুনরায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোতেও শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষামন্ত্রী সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাই বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলার নেই।
আন্দোলনকে সরকার কীভাবে দেখছে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখছে না। তার দাবি, কয়েকটি জেলা ও ঢাকার কিছু স্থানে সীমিতসংখ্যক মানুষ এতে যুক্ত হয়েছেন, তবে গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
সড়ক অবরোধের কারণে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, অতীতে দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ তৈরির যে প্রবণতা তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতা এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার মান বজায় রাখতে চায় এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে কাজ করছে। শিক্ষার মান উন্নত করে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর জাতি গঠন সরকারের লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরোনো ছবি ও তথ্য ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেছনে যেই থাকুক, সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী আন্দোলন সালাহউদ্দিন আহমদ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!