ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল, শাফায়াত ও শামীম নামে তিন ব্যক্তিকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, গ্রেপ্তার ডেভিড ইমনকে সড়কপথে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে। এর মধ্যে বাকলিয়া এলাকায় জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সংঘটিত একটি হত্যা মামলাতেও তাকে আসামি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমন। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে চাঁদাবাজি ও হুমকির অভিযোগেও তার নাম আলোচনায় আসে।
এদিকে গত ১৩ জুলাই নগরীর এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডেভিড ইমনের গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রামের অপরাধ নিয়ন্ত্রণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!