যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

পুলিশের ৮ কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৫ PM | সর্বশেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ PM ৩৮

পুলিশ সদর দপ্তরের প্রশাসনিক সিদ্ধান্তে ৮ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, যিনি বর্তমানে নৌপুলিশে পদায়নের আদেশপ্রাপ্ত ছিলেন, তাকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলায় এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানকে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার জেলার মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুর জেলার মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব অর্পণ না করলে ১৮ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই বদলির আদেশ জারি করা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!