যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:২৯ PM ৪১
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের কড়া নিরাপত্তা

ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে দেশের বিভিন্ন সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির জন্য সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিটি ব্যাটালিয়ন প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। বিশেষ করে অনুষ্ঠানস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাবের ভাষ্য, কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

নিরাপত্তা কার্যক্রমে র‌্যাব নিজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের নজরদারি থাকবে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, ১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় প্রয়োজন অনুযায়ী র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

এ ছাড়া কোথাও বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!