যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

গ্যাস সরবরাহ স্বাভাবিক, প্রায় ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ PM | সর্বশেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM ১১
গ্যাস সরবরাহ স্বাভাবিক, প্রায় ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল

ছবি:সংগৃহীত

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানা সূত্রে জানা গেছে, সকালে গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালু করা হয়। উৎপাদন শুরুর প্রাথমিক পর্যায়ে কয়েকটি যান্ত্রিক সমস্যা দেখা দিলেও দ্রুত সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তম চৌধুরী জানান, কারখানার উৎপাদন কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়েছে। এর আগে গ্যাস সরবরাহ পাওয়া গেলেও কিছু কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। যন্ত্রপাতিগুলো পর্যায়ক্রমে সচল করার পর উৎপাদনে ফেরা সম্ভব হয়েছে। কারখানাটি দ্রুত পূর্ণ সক্ষমতায় ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় পর উৎপাদনে ফিরতে পেরে তারা আশাবাদী। নিয়মিত উৎপাদন চালু রাখা গেলে বন্ধ থাকার সময়ের ক্ষতি ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

সিইউএফএল চট্টগ্রামের কাফকোর পাশেই অবস্থিত। দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যাহত হয়ে আসছে। পূর্ণমাত্রায় উৎপাদন চালাতে কারখানাটির দৈনিক প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়।

একসময় সিইউএফএলে দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা ছিল। তবে দীর্ঘদিনের উৎপাদন বিঘ্ন ও যান্ত্রিক সমস্যার কারণে কার্যকর উৎপাদন সক্ষমতা কমেছে।

সাম্প্রতিক বছরগুলোতেও কারখানাটির উৎপাদন বারবার বন্ধ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মাত্র কয়েক দিন উৎপাদন চালু ছিল। ২০২৪ সালে দীর্ঘ বিরতির পর অক্টোবরে কারখানাটি আবার চালু করা হয়। এরপর ২০২৫ সালেও গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক দফা উৎপাদন বন্ধ ও চালুর ঘটনা ঘটে।

সর্বশেষ গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ছয় মাস পর মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হলো।

সিইউএফএল গ্যাস সরবরাহ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!