ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত
দেশের ডিজিটাল পরিচয়কে আরও শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার দিন দিন বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখে বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন সেবা চালু করেছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজ আবেদন, দ্রুত ডোমেইন অ্যাকটিভেশন এবং অনলাইন পেমেন্ট সুবিধা পাবেন।
রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের অনুমোদিত রিসেলার হওয়ায় আম্বার আইটি লিমিটেডের মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমানোর পাশাপাশি আবেদনকারীরা তুলনামূলক কম সময়ের মধ্যে ডোমেইন সক্রিয় করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধ করা যাবে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই ডোমেইনের জন্য আবেদন ও নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে।
ডট বিডি ও ডট বাংলার পাশাপাশি ডট কম, ডট নেট, ডট ওআরজি এবং ডট ইনফোসহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইন নিবন্ধনের সুবিধাও দিচ্ছে আম্বার আইটি লিমিটেড। একই সঙ্গে গ্রাহকদের জন্য ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবাও প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, ব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন এখন সহজেই নিজেদের নামে দেশীয় ও আন্তর্জাতিক ডোমেইন নিবন্ধন করতে পারবেন। নতুন ডোমেইনের সঙ্গে বিনামূল্যে ডিএনএস হোস্টিং ও ডোমেইন ব্যবস্থাপনা সুবিধাও দেওয়া হচ্ছে।
গ্রাহকদের সুবিধার জন্য ডোমেইনের মেয়াদ, নবায়নের সময়সীমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের ফলে দেশীয় ডোমেইনের ব্যবহার আরও বাড়বে এবং বাংলাদেশের ডিজিটাল ব্র্যান্ডিং শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!