সরকারি নিবন্ধন সনদ পাওয়ার পর অনলাইন নিউজ পোর্টাল বাংলা পোস্টের লোগো। ছবি: সংগৃহীত
দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট সরকারি নিবন্ধন সনদ পেয়েছে। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর প্রতিষ্ঠানটির অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ প্রদান করে। এর মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে সরকারিভাবে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের তালিকায় যুক্ত হলো বাংলা পোস্ট।
জানা গেছে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলা পোস্টকে নিবন্ধন দেওয়ার সুপারিশ করে তথ্য অধিদপ্তরে চিঠি পাঠায়। পরবর্তীতে সরকার নির্ধারিত ফি পরিশোধের পর তথ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ ইস্যু করে।
সরকারি নিবন্ধন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বাংলা পোস্টের সম্পাদক মাসউদুল হক বলেন, এটি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই সংবাদমাধ্যমটি পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকারি নিবন্ধন প্রতিষ্ঠানটির দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদার সাংবাদিকতা এবং পাঠকের বিশ্বাস অটুট রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
মাসউদুল হক জানান, শুধু সংবাদ প্রকাশ নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতার ক্ষেত্রেও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরিতে বাংলা পোস্ট আরও এগিয়ে যেতে চায়। প্রযুক্তিনির্ভর উপস্থাপনা, নির্ভুল তথ্য এবং বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলা পোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে। শুরু থেকেই নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পাঠকের কাছে পরিচিতি লাভ করে। বর্তমানে দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ছাড়াও বিশেষ প্রতিবেদন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, বিনোদন, শিল্প-সংস্কৃতি, ভিডিও কনটেন্ট, লাইভ কাভারেজ ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠান নিয়মিত প্রকাশ করছে সংবাদমাধ্যমটি।
প্রতিষ্ঠানটির দাবি, গত দুই বছরে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখার ধারাবাহিকতায় পাঠক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের আস্থা অর্জন করেছে বাংলা পোস্ট। জনপ্রিয়তার পাশাপাশি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, বাংলা পোস্টের অর্থায়নে সহযোগিতা করছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিজ লিমিটেড (এমপিএল)।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!