যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা কিউআরে ১,০০০ টাকা লেনদেনে চার্জ নেই, প্রণোদনা পাবে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:৩৮ PM ৯৭
বাংলা কিউআরে ১,০০০ টাকা লেনদেনে চার্জ নেই, প্রণোদনা পাবে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান

বাংলা কিউআর কোডে লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের মাধ্যমে করা লেনদেনে গ্রাহক ও মার্চেন্ট—কোনো পক্ষের ব্যাংকই চার্জ কাটবে না। একই সঙ্গে নির্ধারিত শর্ত পূরণ করা লেনদেনের বিপরীতে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে কোনো গ্রাহক দোকানে গিয়ে বাংলা কিউআর কোড স্ক্যান করে ১ হাজার টাকা পরিশোধ করলে ওই লেনদেনের জন্য গ্রাহকের ব্যাংক এবং মার্চেন্টের ব্যাংক—কোনো পক্ষ থেকেই ব্যাংক চার্জ নেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের কিউআরভিত্তিক লেনদেনে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এর ফলে দোকানপাট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার আরও বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

 

যেসব লেনদেনে প্রণোদনা মিলবে না

প্রণোদনা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে বেশ কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। কোনো লেনদেনকে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট অংশে ভাগ করে প্রণোদনা নেওয়া যাবে না। একইভাবে ব্যর্থ, বাতিল, রিভার্স, রিফান্ড, চার্জব্যাক কিংবা বিতর্কিত লেনদেনের বিপরীতেও প্রণোদনা দেওয়া হবে না।

কোনো মার্চেন্টের ক্ষেত্রে অস্বাভাবিক সংখ্যক অথবা অস্বাভাবিক ধরনের লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে তা পর্যবেক্ষণ ও যাচাই করতে হবে।

এ ছাড়া কৃত্রিমভাবে লেনদেন ভাগ করা, ক্যাশ আউট বা অন্য কোনো কৌশলে প্রণোদনা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

লেনদেনের রেকর্ড যাচাই করতে পারবে বাংলাদেশ ব্যাংক

প্রণোদনা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে সংশ্লিষ্ট লেনদেন, মার্চেন্ট, নিষ্পত্তি এবং প্রণোদনার রেকর্ড যাচাই ও নিরীক্ষা করতে পারবে।

কোনো লেনদেনে ভুলবশত অতিরিক্ত প্রণোদনা দেওয়া হলে সেই অর্থ ফেরত নেওয়া হবে অথবা পরবর্তী প্রণোদনার অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলা কিউআরভিত্তিক লেনদেনে এই সুবিধা চালুর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট আরও সহজ হবে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আসবেন এবং দেশে নিরাপদ, সাশ্রয়ী ও আন্তঃসংযুক্ত ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

ফলে আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কেনাকাটা ও অন্যান্য পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক ও ব্যবসায়ী—উভয় পক্ষই বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

বাংলা কিউআর Bangla QR বাংলা কিউআরে লেনদেন বাংলাদেশ ব্যাংক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!