ছবি: সংগৃহীত
আজ বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণ ঘটছে। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করায় কিছু নির্দিষ্ট অঞ্চলে সূর্যের আলো পুরোপুরি ঢেকে যাবে। তবে বাংলাদেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না।
পূর্ণ সূর্যগ্রহণের প্রধান পথটি অতিক্রম করছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন, পর্তুগালের একটি ছোট অংশ এবং উত্তর রাশিয়ার কিছু এলাকা দিয়ে। এসব অঞ্চলের নির্দিষ্ট স্থান থেকে সূর্যকে পুরোপুরি চাঁদের আড়ালে চলে যেতে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। এই সময় সূর্যের আলো সাময়িকভাবে কমে গিয়ে দিনের বেলাতেও চারপাশ অনেকটা অন্ধকার হয়ে আসবে।
বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা না যাওয়ার প্রধান কারণ হলো, পূর্ণগ্রহণের সময় এ অঞ্চলে প্রয়োজনীয় দৃশ্যমানতা থাকবে না। ফলে দেশের আকাশ থেকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সুযোগ নেই।
ইউরোপের বিভিন্ন অঞ্চলে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। পূর্ণগ্রহণের পথের বাইরে থাকা দেশগুলোতে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখা যাবে।
এদিকে বিরল এই মহাজাগতিক ঘটনা দেখতে স্পেন ও আইসল্যান্ডে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। বিশেষ করে স্পেনের বিভিন্ন অঞ্চলে সূর্যগ্রহণ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ক্ষেত্রে সরাসরি খালি চোখে সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়। বিশেষায়িত সৌরগ্রহণের চশমা বা অনুমোদিত নিরাপদ পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পূর্ণ সূর্যগ্রহণ বাংলাদেশে সূর্যগ্রহণ মহাকাশ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!