ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫৬ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্কের অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য আইনি পদক্ষেপ ও কঠোর ব্যবস্থার মুখে মেটা এই পদক্ষেপের তথ্য প্রকাশ করেছে।
মেটার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। জানুয়ারিতে নিষ্ক্রিয় করা অ্যাকাউন্টের তুলনায় পরবর্তী সময়ে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া সরকার গত বছরের ১০ ডিসেম্বর ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে।
তবে আইন কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ৮০ শতাংশের বেশি অপ্রাপ্তবয়স্ক সামাজিক মাধ্যমে সক্রিয় ছিল বলে সরকারি তথ্য ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এরপর আইন লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আইনটি পাসের সময় তীব্র বিরোধিতা করলেও মেটা জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে বদ্ধপরিকর। একই সঙ্গে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম যাতে ইচ্ছাকৃতভাবে আইনটি এড়িয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী অনুসন্ধানী ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মেটা ফেসবুক ইনস্টাগ্রাম অস্ট্রেলিয়া সামাজিক মাধ্যম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!