যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

চীনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে রোবট পুলিশ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৩:০২ PM ৬২
চীনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে রোবট পুলিশ

হাংচৌ শহরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রোবট ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় হাংচৌ শহরের ব্যস্ত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ‘টি২’ নামের একটি রোবট। গ্রেপ্তার বা শাস্তি দেওয়ার ক্ষমতা না থাকলেও ক্যামেরার সাহায্যে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে চালকদের সতর্ক করছে এটি।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সাপকন ইনফরমেশন রোবটটি তৈরি করেছে। এর উচ্চতা ১ দশমিক ৮৮ মিটার এবং ওজন ৯৮ কেজি। চাকার সাহায্যে চলাচল করা রোবটটি ব্যস্ত মোড়ে ট্রাফিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি পথচারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিচ্ছে।

সাপকন ইনফরমেশনের আনম্যানড সিস্টেমস ইনোভেশন সেন্টারের প্রধান কাও হুই জানান, রোবটটির ক্যামেরা হেলমেট ছাড়া মোটরসাইকেল বা বাইক চালানো, ই-বাইকে অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক সংকেত অমান্যের মতো ঘটনা শনাক্ত করতে পারে। এরপর এটি সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করে।

পুলিশের সঙ্গে যোগাযোগের সুবিধা

রোবটটির যান্ত্রিক হাত ট্রাফিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সংকেত দিতে পারে। এতে থাকা জরুরি বোতামের মাধ্যমে সরাসরি স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের সুবিধাও রয়েছে।

হাংচৌতে গত মে মাস থেকে ১৫টি রোবট পরীক্ষামূলকভাবে ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। কাও হুইয়ের দাবি, এসব রোবট ব্যবহারের পর হেলমেট না পরে গাড়ি চালানো এবং স্টপ লাইনের মতো নির্ধারিত সীমা অতিক্রমের ঘটনা ৪০ শতাংশের বেশি কমেছে।

রোবটগুলো প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে বলে জানিয়েছেন কাও হুই। তবে তীব্র রোদ ও বৃষ্টির সময় ক্যামেরার কার্যকারিতা কিছুটা ব্যাহত হতে পারে।

বাড়ছে ব্যবহারের পরিধি

সাপকন ইনফরমেশনের তথ্য অনুযায়ী, চীনের তিনটি প্রদেশের আটটি শহরে বর্তমানে প্রায় ৫০টি এ ধরনের রোবট কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ সংখ্যা ২০০-তে পৌঁছানোর সম্ভাবনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চীনের বাইরে এই প্রযুক্তি বাজারজাত করার সম্ভাবনাও দেখছে চেরি-সমর্থিত রোবোটিক্স প্রতিষ্ঠান আইমোখা। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা চাং গুইবিংয়ের মতে, বিভিন্ন দেশের আইন প্রয়োগের কাঠামো, তথ্য সুরক্ষা আইন এবং স্থানীয় সার্টিফিকেশন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করার প্রয়োজন হওয়ায় আন্তর্জাতিক বাজারে রোবট রপ্তানি সহজ নয়।

ফলে চীনের অভ্যন্তরে ট্রাফিক ব্যবস্থাপনায় রোবটের ব্যবহার বাড়লেও বিদেশে এর বিস্তারের ক্ষেত্রে প্রযুক্তির পাশাপাশি আইন ও তথ্য সুরক্ষার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

চীন রোবট হাংচৌ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!