যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

এআই নিয়ে বড় সতর্কবার্তা, মানবজাতির অস্তিত্ব নিয়েই শঙ্কা গবেষকের

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ PM ৫৩
এআই নিয়ে বড় সতর্কবার্তা, মানবজাতির অস্তিত্ব নিয়েই শঙ্কা গবেষকের

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে সতর্ক করা গবেষক জ্যাকব কক্সন। ছবি: সংগৃহীত

দ্রুত সক্ষমতা বাড়াতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে মানবজাতির জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গবেষক জ্যাকব কক্সন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলতি দশকের শেষ নাগাদ মানবজাতির অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গবেষক জ্যাকব কক্সন। এ সতর্কবার্তার কথা জানিয়ে তিনি এআই গবেষণাপ্রতিষ্ঠান অ্যানথ্রোপিক থেকে পদত্যাগ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি কক্সনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

কক্সন এর আগে ওপেনএআই ও অ্যানথ্রোপিকে তিন বছর প্রিটেনিং গবেষক হিসেবে কাজ করেছেন। পদত্যাগের পর তিনি অভিযোগ করেন, এআই উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। তার দাবি, দ্রুত নিজস্ব সক্ষমতা বাড়াতে পারবে এমন ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির প্রতিযোগিতায় মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।

তার আশঙ্কা, অদূর ভবিষ্যতে এমন ক্ষমতাসম্পন্ন এআই ব্যবস্থা তৈরি হতে পারে, যা মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এসব ব্যবস্থা প্রযুক্তি হ্যাক করার পাশাপাশি বিপুল সম্পদ ও ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সামর্থ্য অর্জন করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ওপেনএআই ও অ্যানথ্রোপিকের অবস্থান নিয়েও মন্তব্য করেছেন কক্সন। তার ভাষ্য, ওপেনএআই এখনো এআই-সম্পর্কিত অস্তিত্বগত ঝুঁকির গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। অন্যদিকে অ্যানথ্রোপিক ঝুঁকি সম্পর্কে সচেতন হলেও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চাপের মধ্যে রয়েছে বলে তিনি দাবি করেন।

কক্সনের বক্তব্যের প্রসঙ্গে অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সায়েন্স লিড ইভান হাবিনগারও এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতি ধ্বংস হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে। একই সঙ্গে সুপারইন্টেলিজেন্সকে নিয়ন্ত্রণ বা নিরাপদ রাখার জন্য এখনো সুস্পষ্ট পরিকল্পনা তৈরি হয়নি বলেও তিনি জানান।

এদিকে অ্যানথ্রোপিকের সমালোচক হিসেবে পরিচিত ইলন মাস্ক সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন এবং বর্তমান এআই খাতে এটিকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যেই কক্সন এআই মডেলের সক্ষমতা আরও বাড়ানোর আগে সাময়িক বিরতি বা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা জ্যাকব কক্সন এআই

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!