যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন উৎপাদনে বড় উল্লম্ফন, ফিচার ফোনের বাজার সংকুচিত

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ PM ৪৪
স্মার্টফোন উৎপাদনে বড় উল্লম্ফন, ফিচার ফোনের বাজার সংকুচিত

দেশে স্মার্টফোন উৎপাদনের অংশ বাড়ার পাশাপাশি ইন্টারনেট সংযোগেও প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে পরিবর্তনের আভাস মিলছে। একসময় উৎপাদনে ফিচার ফোনের যে বড় অংশীদারত্ব ছিল, তা ক্রমেই কমছে। বিপরীতে বাড়ছে স্মার্টফোনের হিস্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য বলছে, গত জুনে দেশে উৎপাদিত মোট মোবাইল ফোনের ৩০ দশমিক ৭১ শতাংশ ছিল স্মার্টফোন। তিন মাসের ব্যবধানে সেপ্টেম্বরে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ০৪ শতাংশে।

একই সময়ে ফিচার ফোনের উৎপাদন-অংশ কমেছে। জুনে মোট উৎপাদনের ৬৯ দশমিক ২৯ শতাংশ ছিল এই ধরনের ফোন। সেপ্টেম্বরে তা নেমে আসে ৫০ দশমিক ৯৬ শতাংশে। ফলে সেপ্টেম্বর মাসে স্মার্টফোন ও ফিচার ফোনের উৎপাদন-অংশের ব্যবধান দাঁড়ায় মাত্র ১ দশমিক ৯২ শতাংশ পয়েন্টে। বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে স্মার্টফোনের অংশ ছিল ৩২ দশমিক ২১ শতাংশ এবং আগস্টে ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

স্মার্টফোনের চাহিদা বাড়ার পেছনে সহজ কিস্তিতে কেনার সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বলেন, কিস্তিতে ফোন কেনার সুবিধা ক্রেতাদের স্মার্টফোনের দিকে আগ্রহী করছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের সমন্বিত প্যাকেজও এ বাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।

মোবাইল ফোন ব্যবহারের বিস্তারের সঙ্গে দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যাও বেড়েছে। বিটিআরসির হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার। অর্থাৎ নয় মাসে নতুন সংযোগ যুক্ত হয়েছে ৮৮ লাখ ২০ হাজার।

এই প্রবৃদ্ধির বড় অংশ এসেছে মোবাইল ইন্টারনেট থেকে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮০ লাখ ৪০ হাজার। সেপ্টেম্বর শেষে এ ধরনের সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে। অন্যদিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) ভিত্তিক ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার।

প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও উৎপাদনে পরিবর্তন দেখা যাচ্ছে। দেশে ফোরজি ফোন তৈরির পরিমাণ কয়েক মাস ধরে বেড়েছে। জুলাইয়ে ৫ লাখ ৯৯ হাজার, আগস্টে ৭ লাখ ৩৫ হাজার এবং সেপ্টেম্বরে ৭ লাখ ৯২ হাজার ফোরজি ফোন উৎপাদিত হয়েছে। তবে চলতি বছরের এপ্রিল ছিল এ ক্ষেত্রে উল্লেখযোগ্য মাস। ওই মাসে ১০ লাখ ২ হাজার ফোরজি ফোন তৈরি হয়েছিল, যা প্রতিবেদনে উল্লেখিত সময়ের মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২জি ফোন উৎপাদিত হয়েছে ৯৩ লাখ ১৬ হাজার। একই সময়ে ৪জি ফোন তৈরি হয়েছে ৫৩ লাখ ৯৮ হাজার এবং ৫জি ফোন ৩ লাখ ৭৪ হাজার। সব মিলিয়ে প্রথম নয় মাসে মোট মোবাইল ফোন উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার।

মাসভিত্তিক উৎপাদনের হিসাবেও ওঠানামা রয়েছে। এপ্রিলে দেশে ২৭ লাখ ৫ হাজার মোবাইল ফোন তৈরি হয়েছিল। জুলাইয়ে উৎপাদন ছিল ১৮ লাখ ৩৩ হাজার, আগস্টে ২২ লাখ ৬৬ হাজার এবং সেপ্টেম্বরে ১৬ লাখ ৪৫ হাজার। ফলে স্মার্টফোনের উৎপাদন-অংশ বাড়লেও মোট উৎপাদনের পরিমাণ প্রতি মাসে একই ধারায় বাড়েনি।

স্মার্টফোন উৎপাদন ফিচার ফোন বাংলাদেশের মোবাইল ফোন বাজার বিটিআরসি ইন্টারনেট সংযোগ মোবাইল ইন্টারনেট ফোরজি ফোন ফাইভজি ফোন মোবাইল শিল্প

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!