যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

শাহবাগের ফুটপাত ছেড়ে নতুন বাড়িতে গোলাপি বেগম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ PM ৬৪
শাহবাগের ফুটপাত ছেড়ে নতুন বাড়িতে গোলাপি বেগম

ছবি: সংগ্রহীত

রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন বসবাস করা গোলাপি বেগম এবার পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য নির্মিত নতুন বাড়ির চাবি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’ জানিয়েছে, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, প্রায় এক বছর গোলাপি বেগমের চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়েছিল। পরে স্থায়ী পুনর্বাসনের জন্য নবীনগরের রতনপুর গ্রামে তার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবারের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন বাড়ির চাবি হস্তান্তরের মাধ্যমে গোলাপি বেগমের দীর্ঘদিনের অনিশ্চিত আবাসনের অবসান ঘটল।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!