ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা’র বাড়ির সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। পরে ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণ ঘটে।
পরপর বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করে।
আবু সোলায়মান সরকার সাজা বলেন, ফজরের আগে তার বাড়ির সামনে প্রথমে বিকট শব্দ শুনতে পান। পরে স্কুলের সামনে ও দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণের শব্দ হয়। তার ভাষ্য, এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!