যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার বেড়ে ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ PM ১০
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার বেড়ে ২৫

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের টহল দলের ওপর হামলা ও একটি পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। সোমবার (২৬ অক্টোবর) পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান চলছে।

এর আগে রোববার একই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দিন গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকি ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

টহলরত পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। ঘটনায় মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জ পুলিশের ওপর হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!