প্রধানমন্ত্রীর কার্যালয় ছবি: সংগৃহীত
জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। পাশাপাশি দেশে এআইভিত্তিক ডেটা সেন্টার স্থাপন এবং সার উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগকে স্বাগত জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে মারুবেনির দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্কের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদ্যমান বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার পাশাপাশি নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে বৈঠকে জানানো হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাত। বাংলাদেশের দক্ষ জনশক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে সেবা দেওয়ার বড় কেন্দ্র হিসেবে দেশকে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। এ ছাড়া প্রকৌশল বিষয়ে স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে সরকারের পরিকল্পনাও আলোচনায় স্থান পায়।
আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ প্রকল্পে মারুবেনি কর্পোরেশনের সম্ভাব্য অংশগ্রহণ ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
কৃষিপ্রধান বাংলাদেশে আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরির বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ খতিয়ে দেখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সার খাতেও বড় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা বৈঠকে বিবেচনায় আসে। এ উদ্যোগে আগ্রহের কথা জানিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।
এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি কর্পোরেশনের পক্ষে ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!