পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ছবি: সংগৃহীত
পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। পরিচালনা পর্ষদের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অনুমোদিত মূলধন দাঁড়াবে ৪ হাজার কোটি টাকায় এবং ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সংখ্যা হবে ৪০০ কোটি।
মূলধন বৃদ্ধির সিদ্ধান্তের পাশাপাশি ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন আনার সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।
পর্ষদের নেওয়া এসব সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামী ২৫ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।
তবে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।
ইজিএমের জন্য ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।
পূবালী ব্যাংক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!