যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট উদ্বোধন করলেন ড. কামাল হোসেন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM ৭৫
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে মুট কোর্ট উদ্বোধন করলেন ড. কামাল হোসেন

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করেন ড. কামাল হোসেন; ছবি: সংগৃহীত

আইন শিক্ষার্থীদের আদালতকেন্দ্রিক কার্যক্রম ও পেশাগত প্রস্তুতির সুযোগ বাড়াতে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (ZUMS) আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক আইন, জ্বালানি ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সম্মানসূচক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান, উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান, কোষাধ্যক্ষ ব্যারিস্টার শফিকুর রহমান এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের চেয়ারপারসন সীমা হায়দার চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনে অতিথিদের বক্তব্যের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে প্রশ্নোত্তর এবং ‘শ্যাডো ট্রায়াল’ নামে মক ট্রায়াল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. কামাল হোসেন।

আইন বিভাগের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. কামাল হোসেন বলেন, শুরু থেকেই বিভাগটির বিষয়ে তাঁর প্রত্যাশা ছিল। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম ও প্রচেষ্টায় সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পেরে তিনি আনন্দিত।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যারিস্টার সারা হোসেন আদালতে নারী আইনজীবীদের কাজের পরিবেশের পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। তাঁর ভাষ্য, অতীতে নারী আইনজীবীদের জন্য আদালতে কাজ করা তুলনামূলকভাবে কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

আইন পেশায় ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রে শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্বের কথাও বলেন সারা হোসেন। তাঁর মতে, পেশাগত জীবনের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশের জন্য নিজেদের আরও কার্যকরভাবে প্রস্তুত করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সংশ্লিষ্টরা জানান, নতুন মুট কোর্টে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম অনুশীলনের পাশাপাশি আইনি গবেষণা, যুক্তিতর্ক উপস্থাপন এবং পেশাগত আচরণ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা নেওয়ার সুযোগ পাবেন।

তাঁদের মতে, আইন শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনও গুরুত্বপূর্ণ। মুট কোর্টের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নৈতিকতার চর্চা এবং ভবিষ্যৎ আইনজীবী হিসেবে প্রস্তুতির প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ZUMS পররাষ্ট্রমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!