ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয়ের পাশাপাশি এবার সিনেমা পরিচালনায় আসার ইচ্ছার কথা জানিয়েছেন। তাঁর স্বপ্ন, ‘টাইটানিক’-এর মতো একটি আবেগঘন প্রেমের গল্প নির্মাণ করা।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবার নতুন ভূমিকায় আসার পরিকল্পনা করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমা পরিচালনা করতে চান বলে জানিয়েছেন। ভবিষ্যতে নিজের পরিচালনায় একটি বড় পরিসরের প্রেমের গল্পের সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে উর্বশী জানান, গান গাওয়া ও সিনেমা পরিচালনা—দুটিই তাঁর আগ্রহের জায়গা। তাই সুযোগ পেলে তিনি অবশ্যই চলচ্চিত্র পরিচালনা করতে চান। তাঁর প্রথম সিনেমা কেমন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি একটি আবেগঘন প্রেমের গল্প তৈরি করতে চান, যা হতে পারে ‘টাইটানিক’-এর মতো বড় পরিসরের।
অভিনেত্রী আরও জানান, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। একই সঙ্গে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টিও তাঁর ভাবনার তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উর্বশীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর পরিচালনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ তাঁর ‘টাইটানিক’-এর মতো সিনেমা বানানোর মন্তব্য নিয়ে মজা করেছেন।
তবে সমালোচনার পাশাপাশি ভক্তদের একটি অংশ উর্বশীর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। তাঁদের মতে, নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা একজন শিল্পীর সৃজনশীলতার পরিচয় দেয়।
সম্প্রতি উর্বশী রাউতেলাকে দেখা গেছে ওটিটি সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’-এ। অভিনেত্রী জানিয়েছেন, এই কাজটি আগের তুলনায় আরও বড় পরিসরের এবং এতে অ্যাকশন, আবেগ ও নানা চমক রয়েছে।
UrvashiRautela Bollywood
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!