যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

প্রথমবার নিউইয়র্কে একক কনসার্টে মঞ্চ মাতাবেন অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ PM

১৯
প্রথমবার নিউইয়র্কে একক কনসার্টে মঞ্চ মাতাবেন অভিনেতা অপূর্ব

ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গানের প্রতি ভালোবাসার কথা বহুবার জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একক কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি।

‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে এই বিশেষ সংগীত আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে। প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে নিজের পছন্দের বিভিন্ন গান দর্শকদের সামনে তুলে ধরবেন জনপ্রিয় এই অভিনেতা।

কনসার্টের ভেন্যু ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য আয়োজকদের পক্ষ থেকে পরে জানানো হবে।

অপূর্বের এই কনসার্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক পোস্ট ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। পরে নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় গিটার হাতে গান গেয়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন অপূর্ব। টেলিভিশন নাটক ও বিশেষ আয়োজনেও তার কণ্ঠে গান শুনেছেন ভক্তরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেতা। ২০২১ সালে প্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর বছরের একটি বড় সময় তিনি সেখানেই কাটান। তার স্ত্রী ও কন্যাও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

তবে দেশের বিনোদন অঙ্গনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। দেশে ফিরলে নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।

এদিকে জানা গেছে, দেশে ফিরে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন ২’-এর কাজে যুক্ত হবেন অপূর্ব। নতুন এই কিস্তিতেও তাকে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে দেখা যাবে।

Apurba Concert

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!