যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

জন নায়গন ঘিরে নতুন আলোচনা, পারিশ্রমিকে শীর্ষে থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ PM

১৩
জন নায়গন ঘিরে নতুন আলোচনা, পারিশ্রমিকে শীর্ষে থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সিনেমার জন্য বিজয় প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, বিজয় এই অর্থ নির্দিষ্ট পারিশ্রমিক হিসেবে পেয়েছেন। ছবির লাভের অংশ নেওয়ার কোনো চুক্তি ছিল না। তবে এ বিষয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

‘জন নায়গন’ পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, এই ছবির জন্য তিনি প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ বলে দাবি করা হচ্ছে।

ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিনি এই সিনেমার জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

সিনেমার নায়িকা পূজা হেগড়ে। তাঁর পারিশ্রমিক প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা ববি দেওল পেয়েছেন আনুমানিক ১২ কোটি টাকা।

এ ছাড়া প্রকাশ রাজ প্রায় ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা এবং গৌতম বাসুদেব মেনন ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছে। বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে বলা হয়েছে, প্রি-সেলস থেকে ছবিটি প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ১০৭ থেকে ১১২ কোটি টাকার মধ্যে এবং ভারতের বক্স অফিসে প্রায় ৭০ কোটি টাকা সংগ্রহ করেছে বলে ধারণা করা হচ্ছে।

অনেকের মতে, ‘জন নায়গন’ থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হতে পারে। কারণ, তিনি এখন রাজনীতিতেই পুরোপুরি মনোযোগ দিতে চান। ফলে ছবিটির দীর্ঘমেয়াদি বক্স অফিস সাফল্যের দিকে নজর রয়েছে দর্শক ও চলচ্চিত্র বিশ্লেষকদের।

Thalapathy Vijay জন নায়গন Tamil Movie

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!