যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে বিয়ের গুঞ্জন মিমি চক্রবর্তীকে ঘিরে

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM ৫০
ডিসেম্বরে বিয়ের গুঞ্জন মিমি চক্রবর্তীকে ঘিরে

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তার কথিত জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সিদ্ধার্থ বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। মিমি ও সিদ্ধার্থ বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এতদিন নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি তারা।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য বিয়েকে সামনে রেখে দুই পরিবার প্রস্তুতি শুরু করেছে। নিকটাত্মীয় ও বন্ধুদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিয়ের বিষয়ে এখন পর্যন্ত মিমি চক্রবর্তী কিংবা সিদ্ধার্থ—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ডিসেম্বরের বিয়ের খবরটি আপাতত ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ঘনিষ্ঠ সূত্রের দাবির ওপর নির্ভর করছে।

এর আগে মিমির ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পার হয়েছে। পরবর্তী সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও কোনো সম্পর্কের বিষয়ে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবার বিয়ের খবর সামনে এসেছে মিমির। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি। বিয়ের সম্ভাব্য খবর প্রকাশের পর অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহও নতুন করে তৈরি হয়েছে।

টালিউড মিমি চক্রবর্তী অভিনেত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!