‘দায়রা’ সিনেমায় ডিসিপি আজুনি চরিত্রে কারিনা কাপুর খান; ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও অপরাধ ও রহস্যনির্ভর গল্পের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’য় তিনি অভিনয় করেছেন ডিসিপি আজুনি চরিত্রে। সিনেমাটি ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমায় শোকাহত এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন কারিনা। ‘দায়রা’তেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের চরিত্রে দেখা যাবে তাকে। তবে এবার চরিত্রটির উপস্থাপনায় রয়েছে আলাদা বৈশিষ্ট্য।
সম্প্রতি দিল্লিতে সিনেমাটির প্রচারণামূলক এক অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে কথা বলেন কারিনা। তার ভাষ্য অনুযায়ী, ভারতীয় সিনেমায় নারী পুলিশ কর্মকর্তাদের অনেক সময় সাহসী ও দৃঢ়চেতা হিসেবে দেখানো হয়। ‘দায়রা’য় সেই প্রচলিত উপস্থাপনার বাইরে গিয়ে চরিত্রটিকে নির্মাণ করা হয়েছে।
কারিনা জানান, ডিসিপি আজুনি এমন একজন নারী কর্মকর্তা, যিনি নিজের নারীত্বের স্বাভাবিক প্রকাশ বজায় রেখেও পেশাগত দায়িত্ব পালনে কঠোর থাকতে পারেন। চরিত্রটিতে ঠোঁটে লিপস্টিকসহ স্বাভাবিক সাজসজ্জা থাকলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অবস্থান দৃঢ়।
অভিনেত্রীর মতে, বাইরে থেকে আজুনিকে হাসিখুশি মনে হলেও দায়িত্বের জায়গায় তিনি আপসহীন। চরিত্রটির এই দ্বৈত বৈশিষ্ট্যই তাকে আকৃষ্ট করেছে বলে জানান কারিনা।
‘দায়রা’য় কারিনার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমার গল্পে দুই পুলিশ কর্মকর্তার অপরাধ মোকাবিলার পদ্ধতির পার্থক্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
চরিত্রটির নৈতিক দ্বন্দ্বকেও নিজের জন্য অভিনয়ের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কারিনা। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি বিষয়গুলোকে সহজ ও সরলভাবে দেখার চেষ্টা করেন। কিন্তু ‘দায়রা’র গল্পে ঠিক-ভুলের সীমা সবসময় পরিষ্কার নয়; অনেক কিছুই ধূসর জায়গায় অবস্থান করে।
অভিনয়ের বাইরে আপাতত অন্য কোনো কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন কারিনা। প্রযোজনা কিংবা পরিচালনায় যাওয়ার ইচ্ছা তার এখন নেই। বরং সামনে আরও নতুন ও কঠিন চরিত্রে অভিনয় করার দিকেই মনোযোগ রাখতে চান তিনি।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সিংহাম এগেইন’-এর পর ‘দায়রা’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন কারিনা কাপুর খান।
দায়রা কারিনা কাপুর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!