যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

জামালপুরের গারো পাহাড়ে ধারণ হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM ৪৯
জামালপুরের গারো পাহাড়ে ধারণ হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব এবার ধারণ করা হয়েছে জামালপুরে। গারো পাহাড়ের পাদদেশের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের খোলা চত্বরে নির্মিত হয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ।

সীমান্তবর্তী জেলা জামালপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় ঐতিহ্যকে ঘিরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে বসানো হয় এবারের অনুষ্ঠানের মূল মঞ্চ।

নতুন পর্বে থাকছে দুটি গান। এর একটি পরিবেশন করেছেন পান্থ কানাই ও তসিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। পাশাপাশি জামালপুরের পরিচিতি তুলে ধরে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহার কণ্ঠে পরিবেশিত গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এস কে জাহিদের পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো সম্প্রদায়ের শিল্পীদের নৃত্য পরিবেশনায় সাজানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ। এতে স্থানীয় সংস্কৃতি ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটেছে।

দর্শকপর্বেও থাকছে জামালপুরকে কেন্দ্র করে বিশেষ আয়োজন। প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে বেছে নেওয়া হয়েছে। পরে জামালপুরের চার সাংস্কৃতিক ব্যক্তিত্বের জনপ্রিয় চারটি গানের নির্বাচিত অংশ পরিবেশন করেন তাঁরা।

জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এবার থাকছে একাধিক তথ্যভিত্তিক প্রতিবেদন। জামালপুরের অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে যুক্ত নকশিকাঁথা এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালিকে নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি জেলার বিভিন্ন ইতিহাস ও প্রত্নসম্পদ নিয়েও থাকছে চিত্রভিত্তিক আয়োজন।

মানবিক প্রতিবেদনে উঠে আসবে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্বাবলম্বী হয়ে ওঠা ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রামের গল্প।

এবারের বিদেশি প্রতিবেদন হিসেবে থাকছে চীনের নান্দনিক শহর সুঝৌকে নিয়ে বিশেষ চিত্রায়ণ। পাশাপাশি কাশেম টিভির রিপোর্টার ও নাতির কথোপকথনও থাকছে অনুষ্ঠানে। সমসাময়িক বিভিন্ন বিষয় ও সামাজিক অসংগতি নিয়ে বেশ কিছু ব্যঙ্গাত্মক নাট্যাংশও রাখা হয়েছে। এসব নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, রাজিব সালেহীনসহ অনেকে।

জামালপুরে ধারণ করা ‘ইত্যাদি’র এই পর্বটি প্রচার হবে ২৫ সেপ্টেম্বর শুক্রবার। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। বরাবরের মতো এবারের পর্বও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইত্যাদি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!