যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

বড় পর্দায় নায়িকা হিসেবে আসছেন সাফানা নমনি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM ৪৪
বড় পর্দায় নায়িকা হিসেবে আসছেন সাফানা নমনি

অভিনেত্রী সাফানা নমনি। ছবি: সংগৃহীত

টেলিভিশন ধারাবাহিকে দীর্ঘ সময় অভিনয়ের পর এবার সিনেমার নায়িকা হওয়ার পথে সাফানা নমনি। অনন্য মামুন পরিচালিত ‘দানব’ সিনেমায় তাঁকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে। এ বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হলেও নির্মাতা ও অভিনেত্রীর পরিবার এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাইছে না।

বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন নমনি। পরে আদনান আল রাজীবের ‘বিকাল বেলার পাখি’ নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। সিনেমাতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। ‘পোড়ামন ২’-এ পূজা চেরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এরপর ২০২০ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় দীপ্ত টিভির ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকে যুক্ত হন নমনি। ধারাবাহিকটির সঙ্গে তাঁর পথচলা চলে প্রায় পাঁচ বছর। নাটকটি শেষ হওয়ার সময় তিনি দশম শ্রেণিতে পড়ছিলেন। দীর্ঘ এই সময়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি।

‘মাশরাফি জুনিয়র’ শেষ হওয়ার পর অবশ্য অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন নমনি। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি নতুন করে পর্দায় ফেরার প্রস্তুতিও নিতে থাকেন। এবার সেই প্রত্যাবর্তন হতে যাচ্ছে বড় পর্দার মাধ্যমে।

‘দানব’-এ নমনির অভিনয় প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন এখনই বিস্তারিত বলতে রাজি হননি। তিনি জানিয়েছেন, শিগগিরই আয়োজন করে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে এর মধ্যেই নিজের ফেসবুক প্রোফাইলে নমনির সঙ্গে শাকিব খানের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে নির্মাতা উল্লেখ করেন, ‘দানব’ সিনেমার নায়িকা শাকিব খানের সঙ্গেও কাজ করেছেন।

ছবিটি ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিংয়ের সময়ের। ওই ছবিতে নমনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন। তবে বিভিন্ন জটিলতার কারণে সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

‘দানব’ নিয়ে নমনির পরিবারের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে নমনির সঙ্গে নির্মাতার আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

২০২৪ সালের শেষ দিকে ‘দানব’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অনন্য মামুন। তখন সিনেমাটিতে শরিফুল রাজ অভিনয় করবেন—এমন আলোচনা ছড়িয়েছিল। তবে এ বিষয়ে নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সাফানা নমনি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!