যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহায় আসছে শাকিবের ‘মহব্বত’

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৯ PM ৪৫
ঈদুল আজহায় আসছে শাকিবের ‘মহব্বত’

নতুন সিনেমা ‘মহব্বত’-এর পোস্টারে শাকিব খান। সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এসেছে। ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ‘মহব্বত’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনা সংশ্লিষ্টদের পক্ষ থেকে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয়েছে, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির খবর জানিয়ে শাকিব খান লিখেছেন, ভালোবাসার সঙ্গে কখনো মূল্য, প্রতিশ্রুতি ও লড়াই জড়িয়ে থাকে। নতুন গল্প ও নতুন যাত্রার সিনেমা ‘মহব্বত’ নিয়ে আগামী কুরবানির ঈদে দর্শকদের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি।

একটি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টারে শাকিব খানের হাতে বন্দুক দেখা গেছে। তাঁর পেছনে একজন নারী চরিত্র থাকলেও দুজনের কারও মুখ দেখানো হয়নি। পোস্টারের এই উপস্থাপনা থেকে সিনেমাটিতে প্রেমের পাশাপাশি অ্যাকশনধর্মী গল্প থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো সিনেমাটির নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কলকাতার অভিনেত্রী ইধিকা পাল সিনেমাটিতে নায়িকার চরিত্রে থাকতে পারেন। পাশাপাশি আরও একজন নায়িকাকে দেখা যেতে পারে বলেও জানা যাচ্ছে। তবে শুটিং শুরুর সময়সহ অন্যান্য বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংশ্লিষ্টরা।

এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমার প্রযোজনায় ছিলেন আরশাদ আদনান। ‘মহব্বত’-এর মাধ্যমে একই পরিচালক ও প্রযোজকের সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন শাকিব। ফলে সিনেমাটি ঘোষণার পর থেকেই এটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত থাকবেন। সম্মাননা গ্রহণ ও প্রদানের পাশাপাশি বিশেষ পরিবেশনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

পাঁচ বছর পর আবারও ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যাবে শাকিব খানকে। এর আগে সর্বশেষ ২০২১ সালের আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি।

শাকিব খান মহব্বত ঈদুল আজহা প্রিয়তমা রাজকুমার ঢাকাই সিনেমা হিমেল আশরাফ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!