যুক্তরাষ্ট্র   সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬,৫ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ PM | সর্বশেষ আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:১৪ AM ১৯০
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে

ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে পাঁচ শিশুর প্রাণহানি হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন মোট ২০৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা গ্রহণই এই সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়।

হামের প্রাদুর্ভাব শিশুমৃত্যু বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!