যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বরের শেষেই বাড়তে পারে ডেঙ্গু, প্রস্তুতি নিচ্ছে সরকার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ PM ৬৯
সেপ্টেম্বরের শেষেই বাড়তে পারে ডেঙ্গু, প্রস্তুতি নিচ্ছে সরকার

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিক থেকে অক্টোবরের শুরুতে দেশে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক প্রশিক্ষণ ও চিকিৎসা সামগ্রী মজুদের কথা জানিয়েছেন তিনি।

দেশে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ বিষয়ে সরকারের প্রস্তুতির কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার তিন মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন চালুর উদ্যোগ নিয়েছে। আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান তিনি।

সম্ভাব্য রোগীর চাপ সামলাতে চিকিৎসাব্যবস্থায় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ডেঙ্গু চিকিৎসার বিষয়ে ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোগীর সংখ্যা বেড়ে গেলে যাতে সংকট তৈরি না হয়, সে জন্য হাসপাতালগুলোতে বেড, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন এম এ মুহিত।

অনুষ্ঠানে তিনি ডেঙ্গুর পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, মানসিক স্বাস্থ্যের বিষয়টি যথেষ্ট গুরুত্ব না পাওয়ায় আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় আড়াল করার চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

আত্মহত্যা কমাতে সরকার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে।

ডেঙ্গু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!