যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ২৭০, নতুন রোগী ৪

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ PM ৫৮
সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ২৭০, নতুন রোগী ৪

সংগৃহীত ছবি

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭০ জনে পৌঁছেছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন শনাক্ত চারজনের মধ্যে একজন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি তিনজনের মধ্যে দুজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১২০ জন। সুনামগঞ্জে ৫৯, সিলেটে ৫২ এবং মৌলভীবাজারে ২৮ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিভাগের বাইরে থেকে এসে চিকিৎসা নেওয়া ১১ জনও মোট আক্রান্তের হিসাবে রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন।

তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ডেঙ্গুতে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে ৮ সেপ্টেম্বর। ওই দিন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) মারা যান।

এর আগে ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া খানম (৫৪) নামে এক নারী ডেঙ্গুতে মারা যান।

ডেঙ্গু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!