যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের দিকে ধেয়ে আসছে বিশাল মৌসুমি মেঘমালা, তাপপ্রবাহ থেকে মিলতে পারে স্বস্তি

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:১৪ PM

১৮
ভারতের দিকে ধেয়ে আসছে বিশাল মৌসুমি মেঘমালা, তাপপ্রবাহ থেকে মিলতে পারে স্বস্তি

ছবি : উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ভারতের দিকে অগ্রসর হওয়া বিশাল মৌসুমি মেঘমালা।

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ভারতের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। উপগ্রহ চিত্রে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরে দ্রুত বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

শুক্রবার প্রকাশিত আইএমডির ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহ চিত্রে দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের পূর্বাংশজুড়ে ঘন মেঘের বিস্তার দেখা যায়। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের আকাশে ঘনীভূত মেঘমালা কেরালায় মৌসুমি বায়ুর আগাম প্রবেশের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দ্রুত শক্তিশালী হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছাতে পারে। এতে ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের স্থলভাগে চলমান অতিরিক্ত তাপ ভারত মহাসাগর থেকে প্রচুর আর্দ্র বাতাস টেনে আনছে। ফলে বায়ুমণ্ডলে বজ্রগর্ভ মেঘ দ্রুত উঁচুতে উঠে ভারী বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

বর্তমানে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল ভয়াবহ তাপপ্রবাহের কবলে রয়েছে। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা ও বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি বড় শহরেও তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে অবস্থান করছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম বাতাসের সঙ্গে মেঘহীন আকাশ পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে। এছাড়া বড় শহরগুলোর কংক্রিট ও পিচঢালা অবকাঠামো গরম বাতাস আটকে রেখে ‘হিট আইল্যান্ড’ পরিস্থিতি তৈরি করছে, যার কারণে শহরাঞ্চলে তাপমাত্রা আরও বেশি অনুভূত হচ্ছে।

তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় হলে আগামী কয়েক দিনের মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা তাপপ্রবাহ থেকে বড় ধরনের স্বস্তি এনে দিতে পারে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!