যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাভারে মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিক, আটক ৪

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:১৬ PM

১৭
সাভারে মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিক, আটক ৪

ছবি : সাভারে মাদক কারবারিদের হামলায় আহত সাংবাদিকরা।

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক কারবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা। অভিযোগ উঠেছে, স্থানীয় এক মাদক কারবারি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকেলে পশ্চিম রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন কাইয়ুম, গাড়িচালক জয়নাল এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

সাংবাদিকরা জানান, মাদক কারবার ও এর বিস্তার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে দেশ টিভির একটি টিম পশ্চিম রাজাশন এলাকায় যায়। স্থানীয়ভাবে তাদের সহযোগিতা করছিলেন এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন। এলাকাবাসীর বক্তব্য ও তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে একটি গলিতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ ধারণ করছিলেন তারা। সাংবাদিকদের দাবি, ওই গলিটি স্থানীয় মাদক কেনাবেচার অন্যতম স্পট হিসেবে পরিচিত।

এ সময় এক ব্যক্তি কথা বলার কথা বলে সাংবাদিকদের গাড়ির কাছে আসেন। পরে রিপোর্টার তাইফুর রহমান গাড়ি থেকে নামতেই স্থানীয় মাদক কারবারি শামীমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে, গাড়ির কাচ ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন জানান, হামলার পর তাদের জোর করে শামীমের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও নির্যাতন চালানো হয়। পরে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালে হামলাকারীরা জানায়, পুলিশ আসার পর মুচলেকা দিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, সম্প্রতি অভিযুক্ত শামীমকে নিয়ে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তারা ক্ষুব্ধ ছিল। দেশ টিভির টিমকে সহযোগিতা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করা হয় এবং পরে ছুরিকাঘাতে তার চোখের পাশ গুরুতরভাবে জখম হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোনিয়া রহমান বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শামীমসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!