যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘ট্রাম্প মহিষ’ দেখে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:০১ PM

১৬
‘ট্রাম্প মহিষ’ দেখে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

ছবি : নারায়ণগঞ্জের আলোচিত অ্যালবিনো ‘ট্রাম্প মহিষ’।

নারায়ণগঞ্জের অ্যালবিনো ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনায় রয়েছে মহিষটি।

নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মহিষটির সোনালি চুল ও মুখাবয়বের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মিল থাকায় এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে মজার প্রতিক্রিয়া জানিয়েছে। পোস্টে তারা লেখে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।”

ভিডিওটি প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি (RT)। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করছেন। অতিরিক্ত ভিড় ও কৌতূহলী দর্শনার্থীদের কারণে মহিষটির স্বাভাবিক খাওয়ার রুচিও কমে গেছে বলে দাবি করা হয়।

জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটির মালিক নারায়ণগঞ্জের খামারি জিয়াউদ্দিন মৃধা। তিনি জানান, তার ছোট ভাই মজা করে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছেন। তবে মহিষটি খুবই শান্ত স্বভাবের বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের এই ব্যতিক্রমী মহিষটি ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কেড়েছে। রয়টার্স, এএফপি, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ট্রাম্প মহিষ’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে মজার ও ব্যতিক্রমধর্মী ঘটনা হিসেবে দেখছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!