যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের পর শুরু হবে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম: আইনমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:২২ PM

১৫
ঈদের পর শুরু হবে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম: আইনমন্ত্রী

ছবি : রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ : দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক ওই অনুষ্ঠানে অংশ নেন আইনমন্ত্রী।

তিনি জানান, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হবে। এরপর ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আইনমন্ত্রী বলেন, “ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দাখিল করলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। তাই রিপোর্ট হাতে পাওয়ার পরই পুলিশ অভিযোগপত্র জমা দেবে।”

উচ্চ আদালতে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর মামলাটি অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। তবে পেপার বুক বা মামলার বিস্তারিত নথি প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগার কারণে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং কীভাবে প্রক্রিয়াটি সহজ করা যায় সে বিষয়ে কাজ চলছে।

সম্প্রতি রামিসা আক্তার হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জোরালো হয়ে ওঠে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!