যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন চার বাংলাদেশি, টানা সপ্তমবার যুক্ত বাংলা ভাষা

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:২৪ PM

১৫
হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন চার বাংলাদেশি, টানা সপ্তমবার যুক্ত বাংলা ভাষা

ছবি : হজের খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে দায়িত্ব পালন করবেন চার বাংলাদেশি।

বিশ্বের মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এই অনুবাদ সম্প্রচার হতে যাচ্ছে, যা বাংলাভাষী মুসলিমদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের অধীনে পরিচালিত এ কার্যক্রমে এবার বাংলা অনুবাদ টিমে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।

আগামী মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল কার্যক্রম। আরাফাতের খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে যুক্ত চারজনই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে অধ্যয়ন করেছেন।

পবিত্র মসজিদুল হারামের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাসহ বিভিন্ন ভাষায় আরাফাতের খুতবা অনুবাদ সম্প্রচার করা হবে এবং এবারও তিনি বাংলা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “হজের খুতবা অনুবাদ কার্যক্রম অত্যন্ত সম্মানজনক একটি দায়িত্ব। এর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়া হয়। মহান আল্লাহর অনুগ্রহে আমরা চারজন বাংলাদেশি এ দায়িত্ব পালন করছি।”

ড. খলীলুর রহমান আরও জানান, অনুবাদ কার্যক্রমে পুরো টিম কাজ করলেও সাধারণত দুজন উপস্থাপনায় অংশ নেন। তিনি এর আগেও দুবার সরাসরি খুতবার অনুবাদ উপস্থাপন করেছেন।

মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করা ড. মুহাম্মদ খলীলুর রহমান দীর্ঘদিন সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে অনুবাদক ও সংবাদ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পবিত্র হজ, জুমার খুতবা এবং বিভিন্ন ধর্মীয় আলোচনার অনুবাদ ও উপস্থাপনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

আগামী ২৬ মে (৯ জিলহজ) আরাফাতের ময়দানে হাজিদের অবস্থানের দিন মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে ৫০টি ভাষায় এ খুতবা সম্প্রচার করা হবে।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্প শুরু হয়। প্রথমদিকে পাঁচটি ভাষায় সম্প্রচার করা হলেও পরে ধীরে ধীরে ভাষার সংখ্যা বাড়তে থাকে।

২০২০ সালে প্রথমবারের মতো বাংলা ভাষা এই প্রকল্পে যুক্ত হয়। ওই বছর ড. আ ফ ম ওয়াহিদুর রহমান প্রথম বাংলা অনুবাদ উপস্থাপন করেন। পরবর্তী সময়ে প্রতি বছরই বাংলা ভাষায় অনুবাদ সম্প্রচার অব্যাহত রয়েছে।

বর্তমানে অনুবাদ কার্যক্রম শুধু আরাফাতের খুতবার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতি সপ্তাহের জুমার খুতবা, দুই ঈদের খুতবা, বৃষ্টির নামাজ, সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজের খুতবা এবং হজ-ওমরাহ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

বাংলাসহ ফ্রেঞ্চ, ইংরেজি, উর্দু, ফারসি, তুর্কি, রাশিয়ান, চাইনিজ, স্প্যানিশ, জার্মান, মালয়, সোয়াহিলি, ইতালিয়ান, পর্তুগিজসহ বিশ্বের বিভিন্ন ভাষায় এ অনুবাদ সম্প্রচার করা হবে। ইউটিউবের ‘Al-Haramain Sermons’ চ্যানেল এবং Manaratal Haramain ওয়েবসাইট থেকেও খুতবার অনুবাদ শোনা যাবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!