যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:২৬ PM

১৯
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫

ছবি : কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাক সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত বাস।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যান সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে চালক দ্রুত ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, উন্নত চিকিৎসার জন্য পাঠানো চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। বাকি তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করতে কাজ করছে পুলিশ। ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!