ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের সমর্থকদের অভিনন্দন জানান।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, দেশের শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদের ফলেই সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তার ভাষায়, এটি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লাখো শিক্ষার্থীর বিজয়।
তিনি আরও বলেন, এই ঘটনা সত্যের জয় এবং সরকারের অনমনীয় অবস্থানের পরাজয়। একই সঙ্গে যেসব পরিবার নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হয়েছে বা সন্তান হারিয়েছে, তাদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি।
মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংসদ থেকে রাজপথ পর্যন্ত ঐক্যবদ্ধ বিরোধী জোট যে ভূমিকা পালন করেছে, সেটিও এই রাজনৈতিক ফলাফলের একটি গুরুত্বপূর্ণ কারণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে কংগ্রেস সভাপতি বলেন, শিক্ষার্থীদের উদ্বেগ ও আন্দোলনকে যেভাবে মোকাবিলা করা হয়েছে, সে জন্য এখন তার দেশের তরুণদের কাছে ক্ষমা চাওয়া উচিত।
এছাড়া আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং এ ধরনের পদক্ষেপের নির্দেশদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
উল্লেখ্য, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরই বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!