ছবি : সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যুক্তরাজ্য, উপসাগরীয় আরব রাষ্ট্রসহ সংশ্লিষ্ট যেকোনো দেশকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।
রোববার (২৬ জুলাই) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ মন্তব্য করেন।
মোহেবি বলেন, ইরানের সামরিক বাহিনী সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকেই পৃথক পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। তার দাবি, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সরাসরি সহায়তা করে, তবে সেই দেশও সংঘাতের অংশ হিসেবে বিবেচিত হবে।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি-১ কৌশলগত বোমারু বিমান যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি ব্যবহার করেছে। তার ভাষ্য, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে যুক্তরাজ্যও ইরানের দৃষ্টিতে একটি বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
এছাড়া উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিও একই ধরনের সতর্কবার্তা দিয়ে আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিলে তারাও সম্ভাব্য প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে।
তবে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পক্ষ থেকে আইআরজিসির এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!