যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

দাবানল নিয়ন্ত্রণে প্রথমবার মাঠে ফ্রান্সের সামরিক এ৪০০এম বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৪:১২ PM

দাবানল নিয়ন্ত্রণে প্রথমবার মাঠে ফ্রান্সের সামরিক এ৪০০এম বিমান

ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে দেশটির সামরিক পরিবহন বিমান এ৪০০এম। শনিবার (২৫ জুলাই) থেকে অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়েছে বিশেষ এই বিমান।

ফরাসি সরকারের মোতায়েন করা এ৪০০এম বিমানটি একবারে প্রায় ২০ টন পানি বা আগুন নেভানোর রাসায়নিক ছিটাতে সক্ষম। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পানির ধারণক্ষমতার দিক থেকে এটি প্রায় তিনটি কানাডেয়ার অগ্নিনির্বাপণ বিমানের সমান।

আগে পরীক্ষা ও প্রস্তুতিমূলক কাজের কারণে চলতি মাসের শেষ দিকে বিমানটি ব্যবহারের পরিকল্পনা ছিল। তবে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল দ্রুত ভয়াবহ আকার ধারণ করায় প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু দ্রুত এটি অভিযানে ব্যবহারের নির্দেশ দেন।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জিরোন্ডে অঞ্চলের পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আগুনের বিস্তার ঠেকাতে এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বোর্দো শহরের আশপাশের এলাকা থেকে শুক্রবার প্রায় ৫৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। দাবানলের তীব্রতায় সেখানে ‘ফায়ারস্টর্ম’ বা অগ্নিঝড়ের মতো বিরল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দাবানল মোকাবিলায় এ৪০০এম বিমান ব্যবহারের জন্য ফ্রান্সের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে যৌথভাবে একটি উদ্যোগ নিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষামূলক সেই পরিকল্পনাই বাস্তব অভিযানে রূপ নিয়েছে।

ফ্রান্স দাবানল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!