যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিয়াটলে উৎসব চলাকালে বন্দুক হামলা, নিহত ৩; আহত অন্তত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০১:৩১ PM

যুক্তরাষ্ট্রের সিয়াটলে উৎসব চলাকালে বন্দুক হামলা, নিহত ৩; আহত অন্তত ৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসব চলাকালে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের পরিচিত পর্যটনকেন্দ্র স্পেস নিডল সংলগ্ন সিয়াটল সেন্টার এলাকায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে, যার চিকিৎসা চলছে।

তদন্তকারীরা ধারণা করছেন, হামলায় দুইজন বন্দুকধারী জড়িত ছিলেন। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে, তবে আরেক সন্দেহভাজন এখনো পলাতক। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে বার্ষিক "বাইট অব সিয়াটল" খাবার উৎসব চলছিল। উৎসবে শত শত খাদ্য বিক্রেতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসবস্থল দ্রুত খালি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে অনেকেই গুলির শব্দকে আতশবাজির আওয়াজ ভেবেছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই চারদিকে মানুষ দৌড়াতে শুরু করলে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। আরেকজন জানান, দিক নির্ধারণ করতে তিনি স্পেস নিডলকে লক্ষ্য করে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!