যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, আহত ১৪২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ PM ৫৮
ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, আহত ১৪২

ইরানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর বাড়ছে হতাহতের সংখ্যা। ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই হতাহতের তথ্য জানানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর জানিয়েছেন, ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। নিহতদের তালিকায়ও দুই নারী ও এক শিশুর কথা উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারমানপুর হতাহতের প্রতিটি সংখ্যার সঙ্গে একটি করে পরিবার ও মানুষের জীবনের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন।

সাম্প্রতিক এই সংঘাতের সূত্রপাত হয় লারাক দ্বীপে মার্কিন হামলার মধ্য দিয়ে। ওয়াশিংটনের দাবি, ইরানের দুটি লঞ্চার থেকে সামুদ্রিক মাইন বহনকারী রকেট মোতায়েনের প্রস্তুতি শনাক্ত হওয়ার পর সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে প্রায় এক মাসের বিরতির পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আবারও প্রকাশ্য সংঘাতে রূপ নেয়।

মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন স্থাপনাগুলোও এসব হামলার আওতায় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর মঙ্গলবার গভীর রাতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সেন্টকম ইরানের অভ্যন্তরে আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর কথা জানায়। ফলে পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, শত্রুতা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্দেশ্যে ২০২৬ সালের ১৮ জুন একটি সমঝোতা স্মারক হয়েছিল। তবে সেটি বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার পর জুলাইয়ে আবার সংঘর্ষ শুরু হয়। পরবর্তী সময়ে নতুন করে সামরিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ হিসাবে ১৮ জন নিহত ও ১৪২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সংঘাত অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা পরবর্তীতে পরিবর্তিত হতে পারে।

ইরান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!