যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

হরমুজে দুই মার্কিন সামরিক নৌযানে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ PM ৫৭
হরমুজে দুই মার্কিন সামরিক নৌযানে হামলার দাবি আইআরজিসির

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে দুটি মার্কিন সামরিক নৌযানে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের এই বাহিনী জানায়, ওমান উপকূলের কাছে নৌযান দুটিতে হামলা চালানো হয়েছে। তাদের ধারণা, নৌযানগুলো মার্কিন সামুদ্রিক ড্রোন ছিল।

তবে হামলার বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিওও পৃথক তথ্য দিয়েছে। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার গ্রিনিচ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হরমুজ প্রণালিতে দুটি মার্কিন নৌযানে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানে। এতে একটি নৌযানে আগুন ধরে যায়। অন্য নৌযানটির বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউকেএমটিও জানিয়েছে, হামলার স্থানটি ওমানের মুসান্দাম প্রদেশের রাজধানী আল খাসাবের উপকূল থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে।

আইআরজিসির দাবি অনুযায়ী, গত সাত দিনের মধ্যে এটি হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক নৌযানে তাদের তৃতীয় হামলা। এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর দুটি যুদ্ধজাহাজে হামলা চালানোর পর ১০ সেপ্টেম্বর ফের হামলার দাবি করা হয়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচল নিয়ে নিষেধাজ্ঞা এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!