যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

পেহেলগাম হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পৃক্ততার তথ্য নেই: আনোয়ার ইবরাহিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ PM ৭০
পেহেলগাম হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পৃক্ততার তথ্য নেই: আনোয়ার ইবরাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। ছবি: সংগৃহীত

পেহেলগামে ২০২৫ সালের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারতের অভিযোগের সঙ্গে একমত নন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। তার দাবি, পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ হয়েছে—এমন কোনো গোয়েন্দা তথ্য তিনি পাননি।

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পৃক্ততার অভিযোগের পক্ষে কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। ভারতের অভিযোগের বিষয়ে তিনি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রমাণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন আনোয়ার ইবরাহিম। সেখানে তাকে ২০২৫ সালের পেহেলগাম হামলা এবং ওই ঘটনায় পাকিস্তানের কথিত ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হয়। পাকিস্তানের ভূমিকাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করেন কি না, জানতে চাওয়া হলে তিনি সরাসরি এমন মন্তব্য করতে রাজি হননি।

আনোয়ার বলেন, তিনি বিষয়টিকে ওই পর্যায়ে নিতে চান না। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন। তবে পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ করে সমস্যাগুলোর সমাধানের সুযোগ রয়েছে বলে মনে করেছেন বলে জানান তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নিয়ে কেন সমালোচনা করছেন না—এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের দায় নির্ধারণের আগে তা নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার।

তার ভাষায়, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি—এমন দাবি করছেন না। তবে পাকিস্তানকে দায়ী করার ক্ষেত্রে নিশ্চিত প্রমাণ প্রয়োজন। ভারত ও মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগের ভিত্তিতে এমন কোনো তথ্য তার কাছে আসেনি, যাতে পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ পরিচালনার কথা নিশ্চিত করা যায়।

২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হন। ঘটনার পর ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ে। একপর্যায়ে ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলা চালায়। এর পাল্টা জবাবে পাকিস্তানও সামরিক পদক্ষেপ নেয়।

দুই দেশের মধ্যে ৮৮ ঘণ্টা ধরে সংঘাত চলার পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সংঘাতের পরও পেহেলগাম হামলায় পাকিস্তানের কথিত সম্পৃক্ততা নিয়ে ভারতীয় অভিযোগ ও পাকিস্তানের অস্বীকৃতি বহাল রয়েছে।

আনোয়ার ইবরাহিম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!