যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খুলবে না: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ PM ৪৪
ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খুলবে না: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের শর্ত পূরণ এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি এর সঙ্গে সরাসরি যুক্ত।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের দাবি পূরণ, দেশটির বৈধ অধিকার স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রশ্ন নেই বলেও তিনি জানান।

তিনি বলেন, ইরানের শর্ত পূরণ না হলে এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তেহরান তার বর্তমান অবস্থান থেকে সরে আসবে না। একই কারণে আলোচনাও আগের পর্যায়ে ফিরবে না বলে উল্লেখ করেন তিনি। গালিবাফ আরও দাবি করেন, একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ শেষ হয়ে গেছে।

এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার বিষয়ে তেহরানের শর্ত কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে পার্থক্যও স্পষ্ট। ইরান প্রণালিটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় থাকার কথা বলে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পক্ষে অবস্থান জানিয়েছে। সাম্প্রতিক সময়ে এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কমে গেছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগের চুক্তির শর্ত মেনে নিলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তারা প্রস্তুত। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে দুই দেশের অবস্থান এখনো ভিন্ন।

বাঘের গালিবাফ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!