যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

মস্কো অঞ্চলে ইউক্রেনের বড় ড্রোন হামলার দাবি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ PM ৫৯
মস্কো অঞ্চলে ইউক্রেনের বড় ড্রোন হামলার দাবি, নিহত ২

ড্রোন হামলার পর মস্কোর একটি এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেন থেকে আসা বিপুলসংখ্যক ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানায় মস্কো অঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রুশ কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভের ভাষ্য, হামলায় মস্কোমুখী ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোন আবাসিক ভবনে আঘাত করায় সেখানে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি জানান।

ভোরোবিয়ভ বলেন, রামেনস্কোয়ে এলাকায় একটি বহুতল ভবন থেকে প্রায় ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৭০ জন শিশু ছিল। এ ছাড়া কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো শহরের একটি তেল শোধনাগারেও ড্রোন আঘাত হেনেছে বলে মেয়র সের্গেই সোবায়ানিন জানিয়েছেন। তাঁর দাবি, রাজধানী অভিমুখে আসা প্রায় ৪৫০টি ড্রোন প্রতিহত করা হয়েছে। একটি আবাসিক ভবনেও ড্রোন আঘাত করলেও সেখানে কেউ নিহত হয়নি বলে তিনি জানান।

হামলায় মস্কো অঞ্চলে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। এর মধ্যে রামেনস্কোয়ে এলাকায় একটি ড্রোন হামলায় একজন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। রাজধানীর বাইরে মস্কো অঞ্চলের আরেকটি জেলাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার পর মস্কোর আকাশে বিস্ফোরণের শব্দ ও বিভিন্ন এলাকায় ধোঁয়া দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে। তবে তেল শোধনাগারটির ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, হামলার সময় রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন চলছিল। মস্কোর মেয়র সোবায়ানিন হামলাটিকে নজিরবিহীন উল্লেখ করে দাবি করেছেন, নির্বাচন ব্যাহত করাই এর উদ্দেশ্য ছিল। তবে ইউক্রেন এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলায় হতাহতের খবরও এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর কিয়েভ অঞ্চলে রুশ হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাম্প্রতিক সময়ে অব্যাহত রয়েছে। উভয় পক্ষই এসব হামলার জন্য একে অপরকে দায়ী করে আসছে।

মস্কো

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!