যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ইসরাইলের নীতিতে মধ্যপ্রাচ্য সংঘাতের দিকে যাচ্ছে: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ PM ৫৬
ইসরাইলের নীতিতে মধ্যপ্রাচ্য সংঘাতের দিকে যাচ্ছে: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বক্তব্য দিচ্ছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি; ছবি: সংগৃহীত

ইসরাইল সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে মধ্যপ্রাচ্যে সংঘাত ও মানবিক দুর্ভোগ বাড়ার বিষয়ে সতর্ক করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে দেওয়া বক্তব্যে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

সাফাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরাইল সরকারের নীতি ও পদক্ষেপের বিষয়গুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। শিশুদের হত্যা, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস এবং বেসামরিক জনগণকে খাদ্য থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

জর্ডানের এই মন্ত্রী অভিযোগ করেন, ইসরাইলের প্রতিনিধিরা নিজেদের কর্মকাণ্ডের সমালোচনা মোকাবিলায় ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘ, মানবিক সহায়তা সংস্থা ও আন্তর্জাতিক নেতাদেরও ইসরাইলের পক্ষ থেকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন সাফাদি।

তিনি বলেন, ফিলিস্তিনে দখলদারিত্বের মানবিক পরিণতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার পাশাপাশি ইসরাইলের সম্প্রসারণমূলক নীতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের জন্য জর্ডান কাজ চালিয়ে যাবে।

সাফাদির ভাষ্য অনুযায়ী, ইসরাইলের বর্তমান সরকারের নীতি শুধু ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলছে না; এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর পড়ছে। তাঁর মতে, এসব নীতির কারণে পুরো অঞ্চল সংঘাত ও দুর্ভোগের দিকে আরও এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন, ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচার, নিপীড়ন ও বঞ্চনা এবং আঞ্চলিক সংঘাত বাড়ানোর অভিযোগে ইসরাইল সরকারের জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেন সাফাদি। তিনি মনে করেন, এসব পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জর্ডানের রাজা আবদুল্লাহও গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি এবং ইসরাইলের নীতির সমালোচনা করেন। তিনি পশ্চিম তীরে ভূমি দখল ও বসতি সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

জর্ডানের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন কার্যকর করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাফাদিও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!